পাবনায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান উল্টে দুই স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

পাবনায় প্রতিনিধি।।
পাবনা সদর উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোভ্যান উল্টে দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সকালে পাবনার দিকে যাচ্ছিল একটি অটোভ্যান। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই ট্রাকটি অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতদের মধ্যে দুজন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।





















