ভারত থেকে ফেরত এলো ৩১ বাংলাদেশি নাগরিক

দর্শনা অফিস :
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন সময় কাজের খোঁজে বা অন্য কারণে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা দেশটির বিভিন্ন এলাকায় আটক হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। পরবর্তীতে কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের পর ভারতীয় আদালতের নির্দেশে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ফেরত আসাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও তিনজন শিশু রয়েছে। তারা ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন আটক থাকার পর অবশেষে দেশে ফিরতে পেরেছেন।




















