মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু

মেহেরপুর সংবাদদাতা।।
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার ফতেপুর-শোলমারি সড়কের তেরোঘরিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা খাতুন উজলপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা খাতুন তেরোঘরিয়া গ্রামে একটি মরিচ ক্ষেতে কাজ করছিলেন। পানি পানের উদ্দেশ্যে সড়কের পাশে স্থাপিত একটি টিউবওয়েলের দিকে যাচ্ছিলেন। এসময় রাস্তা পারাপারের মুহূর্তে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে। সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ দাফনের উদ্দেশ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পারিবারিক সম্মতিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।




















