জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে প্রস্তুত সরকার

অনলাইন ডেস্ক।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর নেতাদের; আশা করছি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।”
রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের আগে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সব সংস্থা কাজ করছে। তিনি জানান, পদায়ন ও বদলির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না এবং যদি কোনো অনিয়মের খবর পাওয়া যায়, তা গণমাধ্যমে প্রকাশের আহ্বান জানান।
তিনি আরও বলেন, একজনের নামে অতিরিক্ত সিমকার্ড থাকায় অনেক সময় অপরাধীদের সনাক্ত করা কঠিন হয়ে পড়ে। “একজনের সিম ব্যবহার করে অন্য কেউ অপরাধ করছে। এতে প্রকৃত অপরাধী ধরা পড়ছে না। তাই আমরা জাতীয় নির্বাচনের আগে ব্যবস্থা নিচ্ছি—একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি নিজেদের সমস্যাগুলো সমাধান করে এবং জনগণ সচেতন থাকে, তাহলে নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হবে।”
তারেক রহমানকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অন্য কেউ চাইলে তাকেও অনুমতি দেওয়া হবে।”
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।
























