হেরে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার ম্যাচে ১৬ রানে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। এই হারে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ।
আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে যেখানে প্রথমে ব্যাট করা উইন্ডিজরা উড়ন্ত সূচনার পর কিছুটা থেমে গেলেও শেষের ঝড়ে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দারুণ ইঙ্গিত দিলেও ৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৫ রানে ঝড় তুলে জেডেন সিলসের বলে বিদায় নেন তানজিদ হাসান।
এরপর স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে সাইফ হাসান (৮) ও লিটন দাস (৫) মাঠ ছাড়েন। মাঝে তাওহীদ হৃদয় হাল ধরার চেষ্টা করলেও বেশি দূর এগোতে পারেননি। ২৫ বলে ২টি চারে ২৮ করে পেসার সিলসের শিকার হন।
দলীয় সর্বোচ্চ ৩৩ রান আসে তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে। তিনি ২৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় এই সংগ্রহ গড়ে জেসন হোল্ডারের বলে আউট হন। আর ২০ রান করে সিলসের তৃতীয় শিকারে পরিণত হন নাসুম।
উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান সিলস ও হোল্ডার।
টস জিতে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৫৯ রান করে। অবশেষে সফরকারীদের শিবিরে প্রথম ধাক্কা দেন রিশাদ হোসেন। তিনি ২৭ বলে ৩৪ রান করা ওপেনার অ্যালিক অ্যাথানেজকে বোল্ড করেন।
এরপর ১৩তম ওভারে টানা দুই বলে জোড়া আঘাত করেন তাসকিন আহমেদ। তিনি ব্র্যান্ডন কিংকে ৩৩ (৩৬ বলে) রানে ফেরানোর পর শেরফান রাদারফোর্ডকে শূন্য রানে উইকেটরক্ষক লিটনের ক্যাচ বানান।
খেলার মাঝের সময়ে উইন্ডিজ কিছুটা ধীর গতির ছিল। বিশেষ করে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান বল খেলতে বেগ পেতে হয়। তবে শেষ দিকে শাই হোপ ও রোভম্যান পাওয়েল ঝড় তোলেন। দলনেতা হোপ ২৮ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। আর তানজিম হাসান সাকিবের ইনিংসের শেষ ওভারে টানা ৩টি ছক্কা হাঁকানো পাওয়েল ২৮ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনিও একটি চার ও ৩টি ছক্কা হাঁকান।
বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন ২টি ও রিশাদ একটি উইকেট দখল করেন।

























