জাতীয় নির্বাচন অনিশ্চিত হলেও জুলাই সনদ বাস্তবায়ন জরুরি

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে অনিশ্চিত হলেও জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং এটি সবার আগে বাস্তবায়ন করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, বর্তমান নির্বাচনি পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে জামায়াত ইতিমধ্যে মত দিয়েছে। এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয়, এটি উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে হতে হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন প্রয়োজন, যা জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলও ইতিমধ্যেই উল্লেখ করেছে। এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে। তাহের আশা প্রকাশ করেন, নভেম্বরের মধ্যেই এই গণভোট অনুষ্ঠিত হতে পারে।
নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সব বাহিনী স্থায়ীভাবে থাকাটা জরুরি। এবার এসব বাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, স্থায়ীভাবে মাঠে রাখা প্রয়োজন।
কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তাহের বলেন, তারা বাংলাদেশে নির্বাচনের পরিবেশ কেমন তা জানতে চেয়েছে। জামায়াতের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে, তা তারা জানানো হয়েছে।

























