জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি হতাশ

অনলাইন ডেস্ক।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু রাজনৈতিক দল তাদের প্রস্তাব চাপিয়ে দিতে চাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে জাতিতে বিভাজন তৈরি হবে এবং কোনো ঐক্য সৃষ্টি হবে না। সরকারের পাশাপাশি কমিশনের ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেতা।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত দলিলের প্রস্তাবগুলো জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। দলিল অনুযায়ী ৪৮টি দফার ওপর গণভোট হবে, কিন্তু এই বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই হয়নি।
তিনি আরও বলেন, “যেসব প্রস্তাব বাস্তবায়নযোগ্য বলে দাবি করা হচ্ছে, তা জুলাই সনদে নেই। বরং কমিশন ও দুই-একটি দলের প্রস্তাবেই এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। কমিশনের মূল উদ্দেশ্য ছিল ঐকমত্য স্থাপন করা। কিন্তু যে প্রস্তাব দিয়েছেন, তা জাতিকে বিভক্ত করবে, অনৈক্য সৃষ্টি করবে, কোনো ঐক্য গড়ে তুলবে না। তাদের উদ্দেশ্য এবং অর্জনের লক্ষ্য আমরা বুঝতে পারছি না।”
আরপিও এবং জোটের প্রতীকের বিষয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সালাহউদ্দিন। তিনি বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা থাকা উচিত নিজস্ব বা জোটের যেকোনো প্রতীকে নির্বাচন করার। হঠাৎ করে অগণতান্ত্রিকভাবে বলা হলো যে, জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আমরা আশা করি না যে অন্য কোনো দল এই প্রক্রিয়াকে সমর্থন করবে।
তিনি সরকারের ভূমিকার কথাও উল্লেখ করে বলেন, আমরা আশা করি বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষভাবে কাজ করবে। তবে কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশা প্রকাশ করছি।

























