নির্বাচনে বাধা দিয়েছেন আপনারাই, জনগণকে বোকা বানাবেন না

অনলাইন ডেস্ক।।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে” মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি নির্বাচনমুখী দল। আমরা সব সময় নির্বাচন চাই। কিন্তু এখন পর্যন্ত যত বাধা এসেছে, তা আপনারাই দিয়েছেন। জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। যদি তখন নির্বাচন হতো, তবে কোনো অপশক্তি মাথা তুলতে পারতো না।
তিনি আরও বলেন, বিএনপি সংস্কারপন্থী দল, কিন্তু সেই সংস্কার জনগণকে বোকা বানিয়ে নয়—বরং তাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। ঐকমত্য কমিশন স্বাক্ষরের সময় ‘নোট অব ডিসেন্ট’ রেখেছিল, এখন তারা তা বাদ দিয়েছে—এটি জনগণের সঙ্গে প্রতারণা।
জামায়াতের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের গুরুত্ব খাটো করে ২৪ সালের আন্দোলনকে বড় করে দেখাতে চায়। কিন্তু একাত্তর আমাদের অস্তিত্ব—এটি ভুলিয়ে দেওয়ার সুযোগ নেই। অতীতে তারা মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলার চেষ্টা করেছিল এবং পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে হত্যা করেছে।
দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণভোটের প্রয়োজন ছিল না, তবুও আমরা রাজি হয়েছি। এখন তারা গণভোট আগে করতে চায়। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টা হামলার আশঙ্কা ব্যক্ত করেছেন, কিন্তু কারা হামলা করতে পারে—তা তিনি স্পষ্ট করেননি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে ফখরুল বলেন, হাসিনা গণমাধ্যমে কথা বলছে, কিন্তু ক্ষমা চায়নি। সে এখন ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। ভারতকে বলব, হাসিনাকে ফেরত দিন—তাকে বিচারের মুখোমুখি করতে হবে।
























