আটোয়ারীতে নিখেঁাজের চারদিন পর এক ডিভোর্সি নারীর লাশ উদ্ধার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর এলাকা থেকে নিখেঁাজের চারদিন পর এক ডিভোর্সি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ( ৩ নভেম্বর) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর গ্রামের বাসিন্দা মোঃ মিনাল এর বসতবাড়ীর উত্তর পাশে লাউ ক্ষেতে মিনালের ডিভোর্স প্রাপ্ত স্ত্রী মোছাঃ তনজিনা বেগম(৩৫) এর লাশ পাওয়া যায়। গত প্রায় ২০ বছর আগে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাটশিরি গ্রামের মোঃ শরীফ উদ্দীনের মেয়ে তানজিনা বেগমের বিয়ে হয় কামাতপাড়া নতুনবস্তি গ্রামের মোঃ দবির উদ্দীনের সাথে। সেখানে পারিবারিক বিষয়ে বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের পর মোছাঃ তানজিনা বেগমের দ্বিতীয় বিয়ে হয় ধামোর ইউনিয়নের মোঃ মজিবর রহমানের সাথে। স্বামী মজিবর রহমান মারা যাওয়ার পর তানজিনা বেগম গত দেড় মাস পূর্বে প্রেম করে গোপনে তৃতীয় বিয়ে করেন ধামোর গ্রামের মোঃ মিনালকে। বিয়ের পর তারা দু’জন মির্জাপুর গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। কিন্তু মিনালের পরিবার এই বিয়ে মেনে নেন নি। এক পর্যায়ে গত ৩০ অক্টোবর মিনালের পরিবারের সদস্যরা জোরপূর্বক মিনাল ও তানজিনাকে পঞ্চগড়ে নিয়ে গিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটান। বিবাহ বিচ্ছেদের পর উভয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান। তবে ঐ রাত থেকেই মোছাঃ তানজিনা বেগম নিখোঁজ হন। চার দিন পর ০৩ নভেম্বর ২০২৫ সকাল প্রায় ৮টার দিকে মিনালের বসতবাড়ীর উত্তর পাশে লাউ ক্ষেতের ভিতর থেকে তানজিনা বেগমের লাশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজনের ধারণা তানজিনা বেগমকে হত্যা করে লাশ লাউ ক্ষেতে ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) জানান, সকালে সংবাদ পেয়ে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হবে। এব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন।




















