গাংনীতে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে টায়ারে আগুন, উত্তপ্ত পরিস্থিতি

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি’র প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে তার অনুসারীরা সোমবার রাতে বিক্ষোভে ফেটে পড়েন।
রাত ৮টার দিকে গাংনী শহরের বাসস্ট্যান্ড এলাকায় মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং পুরো এলাকায় টানটান পরিস্থিতি বিরাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মনোনয়ন পরিবর্তন চাই শ্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। তালিকায় সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নাম ঘোষিত হলে তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। অপরদিকে, জেলা সভাপতি মিল্টনের অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষোভ সমাবেশে গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, ধানের শীষের প্রকৃত বিজয় চাইলে জনপ্রিয় নেতা জাবেদ মাসুদ মিল্টনকেই প্রার্থী করতে হবে। মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, ঘোষণার পর থেকেই গাংনীতে বিএনপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।





















