খুদিয়াখালীতে লাটাহাম্বার-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, আহত মা ও মেয়ে

দৈনিক পদ্মা সংবাদ প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী এলাকায় মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার সংঘর্ষে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হন।
নিহত ইকতার আলী (৪০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি কয়েক বছর বিদেশে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
আহতরা হলেন ছতিয়া ইউনিয়নের ঈয়ারী গ্রামের জয়নালের স্ত্রী সাগরি খাতুন (৩০) ও তাদের মেয়ে জামিলা খাতুন (১১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন ইকতার আলী। খুদিয়াখালী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলিভর্তি লাটাহাম্বারটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ আরোহীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর লাটাহাম্বারচালক পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইকতার আলীকে মৃত ঘোষণা করেন। শিশুটি জামিলার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, দুর্ঘটনাস্থলেই ইকতার আলীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাটাহাম্বা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















