ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় প্রাথমিকভাবে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বিলাসপুর-কাটনি রেলপথের লাল খাদান এলাকার কাছে কোরবা যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনের আঘাত করে। সংঘর্ষের মাত্রা তীব্র হওয়ায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
বিলাসপুর জেলার পুলিশ সুপার রজনীশ সিং বলেছেন, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আহতদের উদ্ধারের পর কাছের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া জীবিতদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।
দেশটির রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
উদ্ধারকৃত যাত্রীদের মাঝে এক শিশুও রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘটনাস্থলে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। ট্রেনের ভেতর ধ্বংসস্তূপে আটকে পড়ায় গুরুতর আহতদের অনেককেই সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

























