জাতিসংঘ প্রতিনিধি দল ঢাকায় আসছে

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীদের বাড়তি উদ্বেগ মূল্যায়নে জাতিসংঘের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ের পরিচালক রোনাল্ড মোলেরুস এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিনিধি দলটি আগামী ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। সফরকালে তারা বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়া ঘিরে ব্যবসায়ীদের আশঙ্কা ও অর্থনৈতিক প্রভাব সরেজমিনে পর্যালোচনা করবেন।
বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, এখনই এলডিসি থেকে উত্তরণের পক্ষে নন অধিকাংশ ব্যবসায়ী। তাদের আশঙ্কা, এলডিসির সুবিধা হারালে দেশের রপ্তানি খাত বড় ধরনের চাপের মুখে পড়বে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা উঠে গেলে রপ্তানি আয় ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
বাংলাদেশের বাণিজ্যিক সংগঠনগুলো এলডিসি থেকে উত্তরণের সময়সীমা কিছুটা পেছানোর দাবি জানাচ্ছে। তাদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উৎপাদন খরচ বৃদ্ধি ও প্রতিযোগিতা বৃদ্ধির কারণে হঠাৎ করে শুল্ক সুবিধা হারালে দেশের রপ্তানি ও বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
জাতিসংঘ প্রতিনিধি দলের এ সফরকে তাই অনেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। সফরের ফলাফল বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























