নির্বাচন জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হবে:ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।
বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহজান। বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রতিনিধিদলকে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “আপনারা এমন সময় বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে— একটি তরুণ-নেতৃত্বাধীন আন্দোলনের ফলস্বরূপ। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, “রোহিঙ্গা সংকটের আট বছর পার হয়েছে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান— এর বিকল্প নেই। প্রায় ১২ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে, কিন্তু তারা জানে না তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ কী হবে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।”
কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহজান বৈঠকে বলেন, তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অব্যাহতভাবে কথা বলবেন এবং কানাডার মানবিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুটি একটি গুরুতর মানবিক উদ্বেগের বিষয়। বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করা।”
তিনি ড. ইউনূসকে ধন্যবাদ জানান রোহিঙ্গা সংকট সমাধানে তার ধারাবাহিক প্রচেষ্টার জন্য।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ, সামির জুবেরি, মাহমুদা খান, মাসুম মাহবুব, আহমদ আতিয়া ও উসামা খান।
বৈঠকে কানাডীয় সংসদ সদস্য সামির জুবেরি বলেন, “কানাডা বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বহুমুখী করার চেষ্টা করছে। আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি এশিয়া সফরে গিয়েছিলেন, বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে।”
সাক্ষাৎকালে উভয়পক্ষ পোশাক, কৃষি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে বাণিজ্য সুযোগ এবং বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি শিল্পে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
























