নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি নিজ উদ্যোগে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করেছেন এবং এখনই অবিলম্বে পোস্টার সরানোর নির্দেশ দিয়েছেন। সিইসি আরও হুঁশিয়ারি দিয়েছেন, যারা এই নির্দেশ অমান্য করবে, ইসি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে সিইসি বলেন, নির্বাচনে খেলবেন আপনারা, আমরা রেফারির ভূমিকায় নিরপেক্ষ থাকব। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়।
সিইসি আরও বলেন, নিবন্ধিত ৫৪টি দলই আমাদের কাছে সমান। যারা নিবন্ধন পেয়েছেন, সবাই সমান মর্যাদা পাবেন। ভোটের আগে ও পরে সকল দল আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।
নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলেন, ঢাকা শহর ইতিমধ্যেই পোস্টারে ছেয়ে গেছে, যা আমরা নিষিদ্ধ করেছি। এখনই এসব সরাতে হবে। যারা নিজ উদ্যোগে সরাবে, তারাই ভদ্র আচরণ দেখাবে। আর যারা নিয়ম অমান্য করবে, আমরা তা সহ্য করব না। বিধি ভাঙলে আমরা কঠোর ব্যবস্থা নেব।
সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দলগুলো হলো—বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ কংগ্রেস ও এনপিপি।
বিকেলেও আরো ছয়টি দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।

























