শেখ হাসিনার রায় ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক।।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে আগামী ১৭ নভেম্বর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে। তিনি স্পষ্টভাবে বলেন, এ রায়কে কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ধরনের সংকট বা হুমকির আশঙ্কা নেই।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য মাঠে আছেন। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন। বিজিবির সদস্য থাকবেন প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী ৫ হাজার, কোস্টগার্ড ৪ হাজার, র্যাব প্রায় ৮ হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবেন সাড়ে ৫ লাখের মতো। নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় এবার আনসার বাহিনী বড় ভূমিকা রাখবে, তাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে। এতে নির্বাচন আরও স্বচ্ছ ও নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হবে।
তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে।
মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস এবং কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশে রওনা হন।
























