পার্শ্ববর্তী দেশের উসকানির অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেস্ক৷।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে উসকানি আসছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম। আজ (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজন হলে আবারও চিঠি পাঠানো হবে। আইনশৃঙ্খলা অবনতির পেছনে পার্শ্ববর্তী দেশের উসকানি আছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রায়কে কেন্দ্র করে বড় কোনো অঘটন ঘটেনি বলেও তিনি জানান। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জনমনে আতঙ্ক ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আত্মরক্ষার প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালাতে পারে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন। মামলার দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড এবং প্রথম অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির দণ্ড দেন আদালত। আর সত্য উদঘাটনে সহযোগিতা করায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।























