সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় মদ ও ৯.৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ৭৪ বোতল ভারতীয় মদসহ মোট সাড়ে নয় লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনভর ব্যাটালিয়নের পদ্মশাখরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিলজদী বিওপি এবং বাকাল চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্তে তিনটি পৃথক অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ, চার লাখ ৩৩ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করা হয়েছে।
বাঁকাল চেকপোস্ট এলাকায় আরও ৪ বোতল মদ এবং ২৭ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবির টহল দল।
বৈকারী, তলুইগাছা, হিলজদী, মাদরা, কুশখালী ও পদ্মশাখরা সীমান্তবর্তী এলাকাগুলোতে পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ি ও ওষুধসহ মোট ৯ লাখ ৫৪ হাজার টাকার অনিবন্ধিত পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, এইসব পণ্য চোরাচালানিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও গুরুত্বপূর্ণ রাজস্ব হারাচ্ছে। জব্দকৃত সব মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা বিজিবির এই চোরাচালানবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে তা আরও জোরদার ও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
























