এনসিপিসহ তিন দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক।।
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে আত্মপ্রকাশ করেছে। বাকি দল দুটি হলো আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।
এসময় জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশকে পুরোনো রাজনীতির পথে যেতে না দেওয়ার অঙ্গীকার নিয়ে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘ঘোষিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ শুধু নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এই জোট জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।























