সাতক্ষীরার মান্দারবাড়ীয়া অভয়ারণ্য এলাকায় ট্রলারসহ ৭ জন আটক

শ্যামনগর প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া অভয়ারণ্য এলাকার বাহির মান্দারবাড়ীয়া নামক স্থান থেকে বেআইনিভাবে মৎস্য আহরনরত ১ টি ট্রলার সহ ৭ জন আসামি ও বিপুল পরিমাণ মাছ ধরা জাল সহ অন্যান্য সামগ্রী আটক করেছে বন বিভাগ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় রেঞ্জ কর্মকর্তা সাতক্ষীরা রেঞ্জের নেতৃত্বে মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্রের বন কর্মীদের অভিযানে এসব আটক ও জব্দ করা হয়। অভিযানে আটককৃতরা হচ্ছে বাগেরহাটের মংলার মৃত গোলাম মোস্তফার ছেলে মহসিন শেখ( ৪০), একই উপজেলার আব্দুল হাকিম শেখের ছেলে মোশারফ শেখ (৪০),গোলাম মোস্তফা শেখ এর ছেলে ইব্রাহিম শেখ (৩০),মহসিন হোসেনের ছেলে ইয়ামিন মুসাল্লি( ১৮),সৈয়দ আলী শেখের ছেলে একরাম শেখ (২৪),মৃত সোনাউল্লাহ ফকিরের ছেলে সওকাত ফকির( ৫৫) ও করস ফকিরের ছেলে সাফারাত ফকির ( ৪৫)। এরা সবাই বাগেরহাট জেলার মংলা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার ফজলুল হকের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে সুন্দরবনের অভয়ারণ্য সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন নিষিদ্ধ অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার ফজলুল হক জানান, অবৈধভাবে সুন্দরবনে প্রবেশকারী বনজীবীসহ অভয়ারণ্যে যাওয়া জেলেদের বিরুদ্ধে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।





















