থ্রি ইডিয়টস ২: রাজকুমার হিরানি আনছেন আমির খান-কারিনা কাপুরের নতুন সিক্যুয়েল

বিনোদন ডেস্ক।।
বলিউডের প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানি-এর ২০০৯ সালের সুপারহিট ছবি ‘থ্রি ইডিয়টস’ আজও দর্শকের মনে অমর। আমির খান, কারিনা কাপুর, মাধবন এবং শারমন জোশি অভিনীত এই ছবি তার মজার গল্প, আবেগ এবং জীবন দর্শনের জন্য আজও প্রশংসিত।
দীর্ঘদিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন ছবিটির সিক্যুয়েল দেখার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, পরিচালক রাজকুমার হিরানি ইতোমধ্যে ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন।
নতুন সিক্যুয়েলের শুটিং ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার কথা। আগের ছবির মূল চার তারকা— আমির খান, কারিনা কাপুর খান, মাধবন এবং শারমন জোশি— আবারও পর্দায় ফিরবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিচালক ও পুরো টিম চিত্রনাট্য নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। তারা মনে করছেন, প্রথম ছবির আবেগ, হাস্যরস ও জীবনধর্মী বার্তা নতুন চিত্রনাট্যেও যথাযথভাবে ফুটে উঠেছে।
নতুন কাহিনি শুরু হবে ঠিক সেখান থেকে, যেখানে ২০০৯ সালের ‘থ্রি ইডিয়টস’ শেষ হয়েছিল। প্রায় ১৫ বছর পর র্যাঞ্চো, ফারহান ও রাজু কীভাবে জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছে— সেই গল্পেই ঘুরবে সিক্যুয়েল।
তবে আমির খান ও রাজকুমার হিরানি আপাতত তাদের পরিকল্পিত দাদাসাহেব ফালকে জীবনীচিত্র স্থগিত রেখেছেন, কারণ চিত্রনাট্য নিয়ে তারা সম্পূর্ণ সন্তুষ্ট নন।
প্রথম ‘থ্রি ইডিয়টস’ ছিল তিন বন্ধুর আবেগঘন গল্প, যা প্রকৌশল শিক্ষার কঠোর বাস্তবতা ও জীবনের দর্শনকে হাস্যরসে উপস্থাপন করেছিল। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় বিনোদনধর্মী চলচ্চিত্রসহ তিনটি পুরস্কার জিতেছিল।
দর্শকের মধ্যে এই ছবির জনপ্রিয়তা ও আবেগের কারণে, ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে।


























