দর্শনার রামনগর ‘মিনি গদখালি: রঙিন বাগানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়,মাত্র ২ থেকে ৫ টাকায় ফুল!

মোঃ আব্দুর রহমান অনিক।।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা রামনগরে গড়ে উঠেছে এক রঙিন ও মনোরম ফুলের বাগান, যা মাত্র কয়েক দিনে স্থানীয়দের কাছে প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বাগানের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিন এখানে নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

রঙিন ফুলের সুবাসে মোড়ানো এই বাগানে পা রাখলেই মনে হয় প্রকৃতির নিজস্ব এক রাজ্যে প্রবেশ করেছেন। পরিচ্ছন্ন পরিবেশ, খোলা আকাশের নিচে সাজানো বিভিন্ন প্রজাতির ফুল এবং নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের মুহূর্তেই মুগ্ধ করছে। বিশেষ করে বিকেলের পর থেকে বাগানটি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য মানুষের ঢলে মুখরিত হয়ে ওঠে। বাগানটি অনেকের কাছেই যশোরের বিখ্যাত গদখালির কথা মনে করিয়ে দিচ্ছে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো, দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি এবং মাত্র ২ থেকে ৫ টাকার বিনিময়ে নানা রকমের তাজা ফুল কেনার সুযোগ রয়েছে।

বাগান পরিদর্শনে আসা রাজিব নামের এক দর্শনার্থী বলেন, এত অল্প খরচে এবং হাতের নাগালে এমন মনোরম একটি জায়গা তৈরি হওয়ায় দর্শনার মানুষ অত্যন্ত আনন্দিত। এটি শুধু একটি বাগান নয়, বরং আমাদের এলাকার একটি নতুন পরিচয় হয়ে উঠছে।
ফুলের বাগানটির সফল উদ্যোক্তা শাকিল আহমেদ বলেন, মূলত শখের বশেই বাগানটি শুরু করেছিলাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে মানুষের আগ্রহ দেখে আমি অবাক ও আনন্দিত। দূর-দূরান্ত থেকেও মানুষ পরিবার নিয়ে এখানে আসছেন। আলহামদুলিল্লাহ, মানুষের এই সাড়া আমাকে অনুপ্রাণিত করছে। আগামীতে আরও বড় পরিসরে বাগান করার পরিকল্পনা আছে। এতে যেমন আয়ের উৎস তৈরি হবে, তেমনি এলাকার মানুষের জন্য একটি সুন্দর বিনোদনের স্থায়ী জায়গা নিশ্চিত হবে।
ফুলের সৌন্দর্য আর প্রকৃতির সান্নিধ্যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা রামনগরের এই ফুলের বাগান এখন নিঃসন্দেহে এলাকার সবচেয়ে আলোচিত ও দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।























