নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে কঠোর নিরপেক্ষতার নির্দেশ দর্শনা পৌরসভা পরিদর্শনে উপপরিচালক শারমিন আক্তার

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল রাজনৈতিক দলের প্রভাব মোকাবিলা করে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে দর্শনা পৌরসভা পরিদর্শনকালে তিনি পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারী নির্বাচনকালীন সময়ে দলীয় কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না এবং পৌরসভার সেবামূলক বা উন্নয়নমূলক কাজে রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ত করা যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত কাজে নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যানার, ফেস্টুন ও লিফলেট ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে পৌর এলাকার ভোটকেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ কি না, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
শারমিন আক্তার উল্লেখ করেন, দর্শনা চুয়াডাঙ্গা–২ আসনের একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানকার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব আরও বেশি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সবাইকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সচিব সাজেদুল আলম, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা মুকুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হাসান, পৌর প্রধান সহকারী রুহুল আমিন, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, উচ্চমান সহকারী শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















