হ্যাঁ’ ভোট চেয়ে গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক।।
আসন্ন গণভোট ২০২৬ সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ১১টার দিকে তিনি নিজের ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে গণভোটের পক্ষে একটি ফটোকার্ড শেয়ার করেন।
শেয়ার করা ফটোকার্ডে লেখা রয়েছে— গণভোট ২০২৬—দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানানো হয়েছে, গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১১ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে এই ফটোকার্ড শেয়ার কার্যক্রম চালু রয়েছে। এই প্রচারণা আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রেস উইং আরও জানায়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে নাগরিকদের সচেতন করা এবং ভোট প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
এদিকে, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি, সরকারিভাবেও গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
























