জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক হওয়ার বিষয়ে যা বলল ডিবি

অনলাইন ডেস্ক।।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক বিষয়ে ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেছেন, ‘ডা. শফিকুর রহমানের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ডিবি। এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কিভাবে হ্যাক করেছে, তা তদন্ত করা হচ্ছে।’
রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জনান।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়।























