বিশ্বকাপ ২০২৬ : ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড, নেইমার আছেন?

খেলাধুলা ডেস্ক।।
বিশ্বকাপ ২০২৬-এর মাত্র চার মাস বাকি, এবং সব দলই নিজেদের প্রস্তুতি তুঙ্গে নিয়েছে। ফুটবলপ্রেমীদের জন্য ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর অপেক্ষা এখন আরো উত্তেজনাপূর্ণ। ব্রাজিল, যারা ছয়বার বিশ্বকাপ জিতেছে, এবারও তাদের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে দলকে নতুন করে গড়ে তুলছেন, এবং স্কোয়াডের বড় অংশ এখন প্রায় চূড়ান্ত।
গত সোমবার সিবিএফ-এর এক অনুষ্ঠানে আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণার আগে এখনও কিছু পজিশনে ভাবনা চলছে। জুন মাস থেকে দায়িত্ব নেওয়ার পর আট মাস ধরে খেলোয়াড়দের পারফরম্যান্স ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন।
ইএসপিএন ব্রাজিলের খবর অনুযায়ী, মে মাসে ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে ১১ জনের জায়গা প্রায় নিশ্চিত। এই তালিকায় আছেন, গোলকিপার অ্যালিসন বেকার; ডিফেন্ডার- মারকিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালিয়াঁইস; মিডফিল্ডার: কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস; আক্রমণভাগ ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, রাফিনিয়া, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া ও গ্যাব্রিয়েল মার্তিনেলি। চোট বা অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে তারা দলে থাকবেন। বাকি ১৫ জনের জন্য লড়াই চলছে। স্কোয়াডের পরিকল্পনা অনুযায়ী থাকবে ৩ জন গোলকিপার, ৪ জন ফুল-ব্যাক, ৫ জন সেন্টার-ব্যাক, ৪-৫ জন মিডফিল্ডার এবং ৯-১০ জন ফরোয়ার্ড।
গোলকিপারে অ্যালিসনের ব্যাকআপ হিসেবে বেন্তো বা হুগো সুজার মধ্যে একজনকে নেওয়া হতে পারে। ডিফেন্সে মিলিতাও (চোট থেকে ফিরছেন), অ্যালেক্স সান্দ্রো (লেফট-ব্যাক), অ্যালেক্সসান্দ্রোসহ কয়েকজনের জায়গা প্রায় পাকা। লেফট-ব্যাকে অ্যালেক্স সান্দ্রো প্রথম পছন্দ, তবে ডগলাস সান্তোস ও কাইও হেনরিকও দারুণ ফর্মে আছেন। সেন্টার-ব্যাকে বাঁ-পায়ের ডিফেন্ডার খুঁজছেন আনচেলত্তি- ফ্লামেঙ্গোর লেও পেরেইরা এখন তার নজরে।
ফুল-ব্যাক পজিশনে সবচেয়ে বেশি প্রতিযোগিতা। মিলিতাওয়ের ফিটনেসের ওপর নির্ভর করছে অনেক কিছু, আর ভ্যান্ডারসনকেও সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। আক্রমণে চমক হতে পারে। রিচার্লিসনের সম্ভাবনা কমে গেছে। ৯ নম্বর পজিশনে ম্যাথেউস কুনিয়ার সঙ্গে লড়াই করছেন গ্যাব্রিয়েল জেসুস, এন্দ্রিক, জোয়াও পেদ্রো ও লুইজ হেনরিক।
সবচেয়ে বড় প্রশ্নটা অবশ্য নেইমারকে নিয়ে। অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকা এই ৩৪ বছরের তারকা শিগগিরই মাঠে ফিরবেন বলে আশা। আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, নেইমারকে দলে নিতে হলে তাকে শতভাগ ফিট হতে হবে। অনেকেই মনে করেন, এই ‘রাজপুত্র’ যদি ফিরে আসেন, তাহলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথ অনেক সহজ হয়ে যাবে।

























