দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি—এই কথাটি শুধু মুখে বললেই হয় না, হৃদয়ে ধারণ করতে হয়। সমাজে শুধু পরিবর্তনের দাবি তুললেই হবে না, পরিবর্তনের শুরু হতে হবে নিজ নিজ অবস্থান থেকে। কারণ মানুষ নিজেকে বদলাতে পারলে পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ বদলায়, আর সমাজ বদলালে বদলে যায় দেশ।
প্রচলিত একটি কথা রয়েছে—“তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।” এই কথার গভীর তাৎপর্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। তবে শিক্ষা বলতে শুধু বইয়ের জ্ঞান নয়, প্রয়োজন প্রকৃত শিক্ষা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের শিক্ষা।
কবির ভাষায় বলা যায়—
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ভালো চলি।
একজন বাবা-মা বহু কষ্টে সন্তানকে বড় করেন। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের মুখ উজ্জ্বল করার আশা করেন। তারা চান সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াক। কিন্তু সেই শিক্ষার ভেতরে যখন কুশিক্ষা ঢুকে পড়ে, তখন আলোর পথ অন্ধকারে ঢেকে যায়।
তখন কেউ কেউ অবৈধ উপার্জনের পথে পা বাড়ায়। মাদক, সন্ত্রাস, প্রতারণা ও নানা অপকর্মে জড়িয়ে পড়ে। স্বল্প সময়ের সুখ কিংবা দ্রুত অর্থের লোভে নিজের চরিত্র ও ভবিষ্যৎ ধ্বংস করে ফেলে। কিন্তু মনে রাখতে হবে, অপরাধের পথ কখনো স্থায়ী নয়। সময়ের ব্যবধানে একদিন না একদিন আইনের জালে ধরা পড়তেই হয়।
অপরাধীর মুখ আড়াল করে রাখলে সমাজের জন্য শিক্ষা কমে যায়, আর অপরাধ প্রকাশ পেলে মানুষ সতর্ক হয়। তাই সমাজকে সুন্দর করতে হলে শুধু আইন নয়, প্রয়োজন পরিবার থেকে নৈতিকতার শিক্ষা, সততার চর্চা এবং সচেতন নাগরিক তৈরি করা।
কষ্ট থাকা ভালো, কিন্তু চরিত্র নষ্ট হওয়া ভালো নয়।
কারণ অর্থ হারালে কিছু হারায়, কিন্তু চরিত্র হারালে সব হারায়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com