অনলাইন ডেস্ক।।
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর অবেশেষে ২৮ জনকে শূন্যরেখা থেকে নিজেদের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করেছে গ্রামপুলিশ, জনপ্রতিনিধিসহ স্থানীয় জনগণ।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বিজিবির প্রতিরোধে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ২৮ নারী, পুরুষ ও শিশু ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল। আজ শনিবার ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান এবং চলাচল পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। তবে সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এর আগে, গত বৃহস্পতিবার ভোররাতের দিকে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুকে বাঙ্গাবাড়ী সীমান্তের ২০৩/৬-আর পিলারের কাছ দিয়ে পুশইনের চেষ্টা করে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। পরে স্থানীয় বাংলাদেশিরা তাদের দেখতে পেয়ে বিজিবিকে জানালে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং ওই ২৮ জনকে সীমান্তের শূন্যরেখায় পাঠিয়ে দেয়।
ঘটনার দিন কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক হলেও এর কোনো সুরাহা হয়নি। সে সময় বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও পরে আর কোনো উত্তর দেয়নি।
অন্যদিকে, হঠাৎ বিএসএফের বিভিন্ন সীমান্তে জোরপূর্বক পূশইনের চেষ্টার ঘটনা বৃদ্ধি পাওয়ায় তাদের এই অবৈধ পূশইনের অপচেষ্টা বিজিবির পাশাপাশি গ্রামপুলিশ, জনপ্রতিনিধিসহ স্থানীয় জনগন এগিয়ে এসে তীব্র প্রতিরোধ গড়ে তোলার মুখে পুশইনে ব্যর্থ হয়ে সেই ঐসব ব্যক্তিদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ।