পাবনা সংবাদদাতা।।
পাবনায় পৃথক দুটি স্থানে গুলি করে আলী হোসেন ওরফে ঠাকুর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মনিরুল ইসলাম নামের দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকেলে ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার জাফরাবাদ গ্রামের প্রয়াত ময়না খাঁর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর (৫৩) এবং সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে ও সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র নিরুল ইসলাম (২১)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, আলী হোসেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোটরসাইকেলযোগে তার ছেলেকে পাবনা শহরের মাসুম বাজারের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় রাখতে আসেন। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এর আগে বিকেল ৪টার দিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে শহরে আসার পথে সাঁথিয়ার মনিরুল নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিমারা যান। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার রাকিব নামক এক যুবককে আটক করেছে।
অপরদিকে নিহত আলী হোসেন ওরফে ঠাকুর এলাকার নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে কারা তাদের হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।