অনলাইন ডেস্ক৷।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ১২ দিনের ব্যবধানে নিখোঁজ হওয়া ৬ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জনকে পুলিশ ও স্বজনদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধাররা হলো উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।
জানা যায়, গতকাল রোববার দুপুরে একসঙ্গে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসার এই তিন ছাত্র একযোগে নিখোঁজ হয়। এরপর আজ সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর হয়। সোমবার বিকেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ফোর্স নিয়ে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে মাঠে নামেন।
সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদেরকে পাওয়া যায়। বর্তমানে উদ্ধারকৃত শিক্ষার্থীদেরকে তাদের পরিবারের হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৭ মে থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে নিখোঁজ হয় ছয় মাদ্রসাছাত্র। তাদের মধ্যে আজ সন্ধ্যায় তিনজনকে উদ্ধার হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।