অনলাইন ডেস্ক।।
হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।মঙ্গলবার (৯ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহ. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির গত বছরের অক্টোবরের ১৬ ও নভেম্বরের ১৩ তারিখের অনুষ্ঠিত ৫ম ও ৬ষ্ঠ সভার সুপারিশের আলোকে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ অথবা কমিশন এবং কোম্পানির যুক্তিসংগত মুনাফা বিবেচনায় এনে আমদানীকৃত নিম্নবর্ণিত হার্টের রিং সমূহের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) সূত্র-১ স্মারক মোতাবেক পুনঃনির্ধারণ করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল আমদানিকারক প্রতিষ্ঠানকে পত্র জারী করা হয়েছে। গত ১৩ মে অনুষ্ঠিত পরামর্শক কমিটির ৭ম সভায় কিছু প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন রিভিউকরতঃ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।’

এতে আরও বলা হয়, স্টেন্টসমূহের হালনাগাদ মূল্য তালিকা সর্বসাধারণের অবগতির জন্য সংশ্লিষ্ট সকল হাসপাতালের নোটিশ বোর্ডে উন্মুক্ত স্থানে প্রদর্শন করতে হবে, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) অনুসরণ করে ক্রয়-বিক্রয় করতে হবে, চিকিৎসা প্যাকেজে অন্তর্ভুক্ত করা যাবে না, স্টেন্টের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) এবং উৎপাদনকারীর নাম উল্লেখপূর্বক পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে, ব্যবহৃত স্টেন্টের প্যাকেটটি রোগীকে সরবরাহ করতে হবে।’

এমতাবস্থায়, কার্ডিয়াক চিকিৎসা প্রদানকারী সকল হাসপাতালকে অনুমোদিত মূল্য তালিকা ও বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল। ঔষধ প্রশাসন অধিদপ্তরের চিঠি অনুযায়ী হার্টের রিংয়ের পুনঃনির্ধারিত মূল্য—

অ্যালেক্স প্লাস ৫৭,০০০/-,অ্যালেক্স ৫৭,০০০/-,আবারিস ৫৭,০০০/-, কোরোফ্লেক্স আইএসএআর নিও ৫২,০০০/-, কোরোফ্লেক্স আইএসএআর ৫০,০০০/-, আমাজনিয়া স্যার ৫০,০০০/-, ম্যাগমা ৩০,০০০/-, সুনা স্টেন্ট ডেলিভারি সিস্টেম ১৪,০০০/-, সিআরই ৮ ৫০,০০০/-, অ্যাভান্ট-গার্ড ১৫,০০০/-, ডাইরেক্ট-স্টেন্ট-সিরো-সিরোলিমাস ইলিউটিং করোনারি স্টেন্ট ৬২,০০০/-, ডাইরেক্ট-স্টেন্ট কোবাল্ট ক্রোমিয়াম করোনারি স্টেন্ট ৩০,০০০/-, সেলোসিয়া আচ্ছাদিত স্টেন্ট ৬২,০০০/- , সিলিন আচ্ছাদিত স্টেন্ট ৬২,০০০/- , ওর্সিরো ৬০,০০০/- , ওর্সিরো মিশন ৬৫,০০০/-, প্রো-কাইনেটিক এনার্জি ২০,০০০/-,আইট্রিক্স র‍্যাপামাইসিন ৩৬,০০০/- , আর্থোস পিকো ১৫,০০০/-, আল্টিমাস্টার টেনসেই ৬৫,০০০/-, এবলুমিনাস ডিইএস প্লাস ৬০,০০০/-, এক্সলিমাস ৫৫,০০০/-, এক্সপ্লোসন ৪৫,০০০/- টাকা নির্ধারণ করা হয়েছে ।