অনলাইন ডেস্ক।।
এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দল ঘোষিত মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
তারা চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে, তারা মেয়র হওয়ার যোগ্য নন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে ঢাকা উত্তর সিটিতে এনসিপি ঘোষিত মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে। যা স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আছে।
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে দলটির মুখপাত্র বলেন, জোটগতভাবে নির্বাচনে যাবে কি না তা তফসিলের পর দলগুলোর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় আরিফুল ইসলাম আদীব বলেন, ঢাকার বিএনপির দুই প্রশাসক দায়িত্ব পালনে ব্যর্থতা, কোরবানি পশুর হাট ম্যানেজমেন্ট, বর্জ্য অপসারণ, নাগরিক ভোগান্তি কমাতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনের অর্থ, লোগো, জনবল ব্যবহার করে নিজেদের মেয়রপ্রার্থী হিসেবে প্রচারনা করছেন। ফলে নৈতিকভাবে তারা কোনোভাবেই দায়িত্বে থাকতে পারেন না।
এনসিপির সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্যসচিব আবু বকর ও সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান। এনসিপি ঢাকা মহানগর উত্তরের পরিবেশ ও জলবায়ু সেল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচিটি বাস্তবায়ন করছে।