দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা রেলবাজারের একটি মোবাইল শোরুম থেকে মোবাইল চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক নারীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে দর্শনা রেলবাজারে রজমান আলীর মোবাইল শোরুম থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে ১০ জুন দুপুর সাড়ে ১টার দিকে ওই এলাকা থেকে অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন রেশমা বেগম ওরফে চম্পা (৪৩)। তিনি দামুড়হুদার জয়রামপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে এবং বর্তমানে চুয়াডাঙ্গা সদর থানার বেলগাছি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় দর্শনা থানায় পেনাল কোডের ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (১১ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে।