অনলাইন ডেস্ক।।
জুন মাসের ১৬ তারিখ পার হলেও দেশের মাদ্রাসা শিক্ষকদের বেতন পরিশোধ না হওয়ায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নুরুল আমীন। একইসঙ্গে তিনি ইবতেদায়ি মাদ্রাসা সরকারিকরণের দাবি জানান।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি ‘মাদ্রাসার শিক্ষকদের বেতন দিন’ লেখা একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করছিলেন।
নুরুল আমীন বলেন, “একটা অক্ষরের একটা শব্দ মা। তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন, যাদের মা নেই। আমারও মা নেই।”
তিনি জানান, সংসদে আসার আগে একজন শিক্ষক তাকে ফোন করে মায়ের চিকিৎসা করাতে না পারার কষ্টের কথা জানিয়েছেন।
সংসদ সদস্য বলেন, “সরকারি চাকরিজীবীরা প্রতি মাসের এক-দুই তারিখের মধ্যেই বেতন পেয়ে থাকেন। অথচ ঈদ চলে গেল, আজ মাসের ১৬ তারিখ, মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি। মে মাসের বেতনও এখনো তাদের হাতে পৌঁছায়নি।”
তিনি আরও বলেন, “যদি বেতন দিতেই হয়, তাহলে মাসের শুরুতেই দেওয়া উচিত। এতে শিক্ষকরা উপকৃত হবেন। আমি চাই, ওই শিক্ষক যেন অন্তত এই সান্ত্বনা পান যে তিনি তার মায়ের চিকিৎসা করতে পেরেছিলেন।”
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্পিকারের হস্তক্ষেপ কামনা করে নুরুল আমীন দ্রুত মাদ্রাসা শিক্ষকদের বেতন পরিশোধের দাবি জানান। পাশাপাশি দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারিকরণের জন্যও তিনি অনুরোধ করেন।