যশোর সংবাদদাতা।।
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে মমতাজ বেগম (৬২) নামে এক নারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী সাহিদা ইয়াসমিন নামে এক নারী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। তিনি খোলাডাঙা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, গত ১৫ জুন দুপুরে সুজলপুর জামতলা মোড় এলাকায় মমতাজ বেগম কয়েকজন নারীর কাছে নিজেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, ২০০ টাকা দিলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে এবং কার্ডধারীরা সরকারি আর্থিক সহায়তা পাবেন।
এ সময় তিনি বিভিন্ন ফরম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি দেখিয়ে স্থানীয়দের আস্থা অর্জনের চেষ্টা করেন। পরে এক নারীর সন্দেহ হলে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত মহিলা সদস্য। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমতাজ বেগমকে হেফাজতে নেয়।
এ সময় তার কাছ থেকে ৮টি ভিডব্লিউবি কার্ড, মহিলা উন্নয়ন সংগঠনের কিছু ফরম, বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাঁচ কপি রঙিন ছবি এবং নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়েছে। পরে মমতাজ বেগমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।