দৈনিক পদ্মা সংবাদ।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৩৫০ বোতল নিষিদ্ধ ‘স্কাফ’ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে Rapid Action Battalion (র্যাব-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নগরকান্দা থানাধীন তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন সংলগ্ন ফরিদপুর হাইওয়ে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দর্শনা থানার ইসলাম বাজার এলাকার মো. মক্কেল মালিতারের ছেলে মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা থানার মৃত বাদশার ছেলে মো. বাবু (৩১)।
শনিবার (২০ জুন) দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি অভিযান পরিচালনার সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৩৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।