অনলাইন ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন। আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক শুরু হয়।
একান্ত বৈঠকে বসার আগে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এতে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম প্রমুখ উপস্থিত থাকবেন।
বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : পিএমও
বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ,জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।
দ্বিপক্ষীয় বৈঠকের পরে উভয়ে আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তারেক রহমান। সেখানে তার সঙ্গে থাকবেন সহধর্মিণী জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
এ সময়ে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।-বাসস