দৈনিক পদ্মা সংবাদ।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে এক ফল ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে লোকনাথপুর বাসস্ট্যান্ড অতিক্রম করে ‘পাগলা দোয়া’ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফল ব্যবসায়ী মো. নোয়াজ্জেল হোসেন অভিযোগ করে জানান, সকালে ব্যবসার কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার পথরোধ করেন। নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তারা তাকে জিজ্ঞাসাবাদের নামে আটকে রাখেন।
একপর্যায়ে ওই দুই ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এতে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি আহত হয়ে রক্তাক্ত হন।
নোয়াজ্জেল হোসেন আরও জানান, ব্যবসার জন্য সঙ্গে থাকা নগদ ৮ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি শেষ পর্যন্ত টাকা দিতে বাধ্য হন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজনের পরনে সাদা শার্ট ছিল, যা শনাক্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।