কোটচাঁদপুর প্রতিনিধি।।

মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে ঝিনাইদহের কোটচাঁদপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।

ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ পারভেজ। সভায় মানবপাচারের ঝুঁকি, প্রতিরোধ এবং উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংস্থার কর্মকর্তারা জানান, ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় তারা মানবপাচার প্রতিরোধে কাজ করে আসছেন। এ পর্যন্ত ১৯টি উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি কোটচাঁদপুরে ৩৫০ জন উন্নয়ন উদ্যোক্তাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. আশরাফুল আলম, কেস ম্যানেজার (ইকোনমিক ডেভেলপমেন্ট) রুমানা পারভীন, সোশ্যাল মবিলাইজার তানিয়া বুলবুল, সোশ্যাল মবিলাইজার মাসুম বিল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্য তাইজুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মঈন উদ্দিন খান, সাংবাদিক রোকনুজ্জামানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার মানবপাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “মানবপাচার একটি সামাজিক অপরাধ। সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ অপরাধ প্রতিরোধ করা সম্ভব।”