খেলাধুলা ডেস্ক।।
বিশ্বকাপের নকআউট পর্বে সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। একই সঙ্গে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির মাত্র এক গোল পেছনে পৌঁছে গেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় ফ্রান্স। বিশ্বকাপের নকআউট পর্বে ১৯৯৮ সালের ফাইনালে ব্রাজিলকে ৩–০ গোলে হারানোর পর এটিই ফ্রান্সের সবচেয়ে বড় জয়। আগামী ৪ জুলাই ফিলাডেলফিয়ায় শেষ ষোলোয় প্যারাগুয়ের মুখোমুখি হবে ফরাসিরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে উসমান দেম্বেলের সঙ্গে দৃষ্টিনন্দন বোঝাপড়ার পর অসাধারণ একক নৈপুণ্যে গোল করেন এমবাপ্পে। সুইডেনের রক্ষণভাগের খেলোয়াড় ভিক্টর ইয়োকেরেসকে কাটিয়ে তার নেওয়া শট গোলরক্ষক ইয়াকব ভিদেল জেটারস্ট্রমকে পরাস্ত করে জালে জড়ায়।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ৯টি। এর ফলে তিনি ব্রাজিলের কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে পেছনে ফেলে এই পর্বে সর্বাধিক গোলের একক রেকর্ডের মালিক হন।

২৭ বছর বয়সী এমবাপ্পে গোল করার পর সরাসরি ছুটে যান কোচ দিদিয়ের দেশমের কাছে। নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ের শেষকৃত্যে যোগ দিতে ইউরোপে যাওয়ায় সেদিন দলের সঙ্গে ছিলেন না দেশম। এ ম্যাচেই তিনি আবার দলের ডাগআউটে ফেরেন।

তবে এমবাপের নৈপুণ্য তখনও শেষ হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্র্যাডলি বারকোলা ফ্রান্সের দ্বিতীয় গোল করার পর ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। মাইকেল অলিসের নিখুঁত পাস ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি।

চলতি বিশ্বকাপে এটি এমবাপের ষষ্ঠ গোল। এর মাধ্যমে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে তিনি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন। বিশ্বকাপে ১৮ ম্যাচে তার মোট গোল এখন ১৮টি, যা সর্বকালের তালিকায় তাকে মেসির মাত্র এক গোল পেছনে রেখেছে। মেসি অবশ্য বিশ্বকাপে খেলেছেন ২৯টি ম্যাচ।

৮৫তম মিনিটে এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেওয়ার সময় কোচ দেশম তাকে সম্মান জানিয়ে মাথা নত করেন।

এদিকে মাইকেল অলিসে বারকোলার গোলেও অ্যাসিস্ট করেন। চলতি বিশ্বকাপে তার সহায়তা সংখ্যা এখন পাঁচ, যা ১৯৯৪ সালের বিশ্বকাপে জার্মানির টমাস হ্যাসলারের পর পুরুষদের বিশ্বকাপে এক আসরে সর্বাধিক সহায়তার রেকর্ড।