দাদা-বাবা-নাতি তিন পুরুষের মাদক ব্যবসা বন্ধে কঠোর অবস্থান, বিকল্প জীবিকায় সহায়তার প্রতিশ্রুতি!
মোঃ আব্দুর রহমান অনিক।।
মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করতে দর্শনা থানার আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা থানা পুলিশ ও আকন্দবাড়ীয়া গ্রামের সর্বস্তরের মানুষের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসানাত, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আহাম্মদ আলী, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকর্মী অফিসার রাজিবুল ইসলাম খলিফা, দর্শনা থানা জামায়াতের প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, থানা কৃষক দলের সভাপতি আশরাফুল হক বিপ্লব এবং আকন্দবাড়ীয়া মাদক নির্মূল কমিটির সভাপতি মো. আব্দুল মুন্নাফ মুন্নাসহ প্রমুখ।

সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, দর্শনা থানার মধ্যে সবচেয়ে মাদককবলিত এলাকা হলো আকন্দবাড়ীয়া গ্রাম ও বেগমপুর ইউনিয়ন। এখানে দাদা মাদক কারবারি, বাবা মাদক কারবারি এবং নাতিও মাদক কারবারি এই দুঃখজনক চিত্র আর চলতে দেওয়া হবে না। এখন সময় এসেছে দাদা মসজিদে গিয়ে নামাজ পড়বেন, বাবা মাঠে কাজ করবেন আর সন্তান লেখাপড়া করবে।
তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসা ছেড়ে দিতে চান তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে এবং বিকল্প জীবিকার ব্যবস্থা করতে সাহায্য করা হবে। তবে যারা এই অবৈধ কাজে জড়িয়ে থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার আরও জানান, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান নয়, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।।