অনলাইন ডেস্ক।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জান্নাতের টিকিটের দরকার নেই, আসুন সবাই মিলে দেশটাকে জান্নাত বানাই।

আজ শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে ফ্যাসিবাদের পতন হলেও সবাই এখনো পুরোপুরি নিরাপদ নয়।’

তিনি দাবি করেন, ‘১৯৭১ সালে পরাজিত শক্তি এখনো সেই পরাজয় মেনে নিতে পারেনি এবং তারা অন্ধকারে ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে।’

সংসদ সদস্য বলেন, ‘ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায় না। যারা ভোটের মাধ্যমে বেহেশতে যাওয়ার কথা বলেছে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’

ক্ষমতার স্থায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। মানুষের মন জয় করুন। মানুষ আপনাকে তাদের হৃদয়ের ক্ষমতার চেয়ারে দীর্ঘদিন বসিয়ে রাখবে।’

বর্তমান সরকার সম্পর্কে গয়েশ্বর বলেন, সরকারের বয়স মাত্র চার মাস। তাই সরকারকে কাজ করার সুযোগ দিয়ে পরে তাদের কার্যক্রমের সমালোচনা করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে।

নারীর অধিকার ও মর্যাদার বিষয়েও বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পরিবার কার্ড (ফ্যামিলি কার্ড) নারীদের নামে করার ব্যবস্থা করেছেন, যাতে নারীরা অবহেলিত না হন এবং আত্মনির্ভরশীল হয়ে সমাজে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারেন।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।