মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাত্রীকালীন টহল পুলিশ গরুসহ তিন চোরকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের নির্দেশনায় এসআই আরশাদুল হক সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটিতে বের হয়। উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেল ঘুমিিটি নামক স্থানে টহল পুলিশের অবস্থানকালে রাত প্রায় ৩টার দিকে অটো ইজি বাইকে একটি লাল রঙের গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ইজি বাইকটিকে গতিরোধ করে। অটো ইজিবাইকে থাকা তিন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ইজি বাইক ও গরুসহ ইজি বাইকে থাকা তিন ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলো ঃ- উপজেলার বড় সিঙ্গিয়া গ্রামের মোঃ চয়নুদ্দীনের পুত্র মোঃ রুবেল ইসলাম(২৬), একই গ্রামের মোঃ তাহেরুল ইসলামের পুত্র মোঃ রমজান আলী (২০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর, হঠাৎ পাড়া (স্কুল পাড়া)’র মৃত আবুল কাশেমের পুত্র মোঃ মোবারক আলী (৪২)। গরুসহ চোর আটকের সংবাদ পেয়ে গরুর মালিক উপজেলার ছোটদাপ গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আলেয়া খাতুন মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৫ টায় থানায় হাজির হন। গরুর মালিক আলেয়া খাতুন(৫১) জানান, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে গরু ঘর হতে গরুটি চুরি হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ইজি বাইক ও গরুসহ তিন চোর আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, এব্যাপারে গরুর মালিক মোছাঃ আলেয়া খাতুন(৫১) বাদী হয়ে বাংলাদেশ দন্ডবিধি ৪৫৭/৩৮০ ধারায় আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেছেন। আটোয়ারী থানার মামলা নং-০২, তারিখ ০৭/০৭/২০২৬ খ্রি.,। মামলা রুজুর পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।