ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ পিতা-পুত্রসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার তালসার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মহেশপুর উপজেলার তালসার গ্রামের ইসরাফিল হোসেন, তাঁর ছেলে আশিকুর রহমান, সাদিকুল রহমান এবং একই গ্রামের বাবুল হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চিহ্নিত মাদক কারবারি ইসরাফিল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস ভারতীয় অবৈধ ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩২ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”