দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ত-সিন ফুড প্রোডাক্টস এর মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মামুনুর রশীদ মামুনকে আইনটির ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।