দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন পরোয়ানাভুক্ত আসামি ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মাদক ব্যবসায়ীকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রাইল) শেষে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ সূত্রে জানা যায় , চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের তত্ত্বাবধানে গত ২৯ জুলাই বিকেল ৫টার দিকে এসআই (নিঃ) মোল্যা আরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পরানপুর গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শান্তিপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে জসিম মিয়া (৪৭)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পরে জসিম মিয়াকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
এদিকে দর্শনা থানার পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শান্তিপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭), জয়নগর এলাকার আজাদ আলীর ছেলে মাগরিব হোসেন (৪৪) এবং একই এলাকার আব্দুস সামাদ ওরফে জাম্বুর ছেলে মারুফ হোসেন (২৬)।
গ্রেপ্তারকৃত তিন আসামিকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে মাদক ব্যবসায়ী জসিম মিয়াকে সামারি ট্রাইলের মাধ্যমে সাজা প্রদান শেষে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।।