অনলাইন ডেস্ক।।

আয়নাঘর কোনো কল্পনা নয়, এটি বাস্তব—এমন মন্তব্য করে এর মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে আয়নাঘরের ঘটনায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায় রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত গুম ও হত্যার শিকার প্রায় আড়াই শতাধিক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তারা কোথায় এবং কী অবস্থায় আছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমনের নাম উল্লেখ করেন তিনি।

চিফ প্রসিকিউটর জানান, পরিদর্শন করা আয়নাঘরে ভিকটিমদের মধ্যে অন্যতম ছিলেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম আরমান। তাকে সেখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে যে কক্ষটির ধারণা পাওয়া গেছে, পরিদর্শনের সময় সেই কক্ষটিও দেখা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন ব্যক্তির বর্ণনা, সাক্ষ্য ও তদন্ত থেকে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও র‍্যাব-১-এর ওই আয়নাঘরের কোনো একটি কক্ষে রাখা হয়েছিল। পরে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয় বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, গুমের সাথে যারা জড়িত এবং বন্দিশালার আলামত নষ্ট ও দেয়াল তুলে যারা গোপন কক্ষগুলো লুকানোর চেষ্টা করেছিল, তারা প্রত্যেকে বিচারের আওতায় আসবে।

আয়নাঘরের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যসিবাদ কায়েম করেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আয়নাঘর কোনো কল্পনা নয়, এটি যে বাস্তব তা দেখা গেছে। আওয়ামী লীগ এর মাধ্যমে ফ্যসিবাদ কায়েম করেছে। এর পেছনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায় আছে।’