মুন্সিগঞ্জ প্রতিনিধি।।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাড়ির পাশের ঝোপে খেলতে গিয়ে ভিমরুলের কামড়ে রাফসান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রাফসান ওই গ্রামের আরশের আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি ঝোপে খেলছিল রাফসান। একপর্যায়ে সে গাছের একটি পাতাযুক্ত ডাল টান দিলে সেখানে থাকা ভিমরুলের চাকে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে ভিমরুল বের হয়ে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটায়।
ভিমরুলের আক্রমণে রাফসানের চোখ-মুখ ফুলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাইফুল হক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় উত্তর কুসুমপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বাড়ির আশপাশের ঝোপঝাড় ও গাছে থাকা ভিমরুলের চাক অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।