যশোর সংবাদদাতা।।
যশোরের অভয়নগরে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী আঞ্চলিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধোপাধি উলুর বটতলা এলাকায় জলাবদ্ধ মাঠে এই আনন্দমুখর প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দূর-দূরান্ত থেকে প্রায় ৪০টি সুসজ্জিত নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান হাজার হাজার উৎসাহী দর্শনার্থী। উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় আক্তার হোসেনের ‘রকেট’ নৌকাটি প্রথম স্থান অধিকার করে। এছাড়া মইনুদ্দিন গাজীর ‘গাজী মৎস্য’ দ্বিতীয় এবং বিপ্রজিৎ বিশ্বাসের ‘রুপার তরী’ তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সদস্যরা বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রথম পুরস্কার হিসেবে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা প্রদান করা হয়।
ঐতিহ্যবাহী এই উৎসবের বর্ণিল আয়োজন যেন প্রতিবছর অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের।