মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালত নরেন কুমার রায়(৪২) নামক এক মাদক কারবারীকে দুই বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন। জানাগেছে, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বুধবার (২৬ আগস্ট) রাত প্রায় সাড়ে ১১টার দিকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকায় মাদকদ্রব্য গাঁজা কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় নরেন কুমার রায়কে হাতেনাতে পুলিশ আটক করতে সক্ষম হয়। মাদক কারবারী নরেন চন্দ্র রায়(৪২) পাল্টাপাড়া গ্রামের কৃষ্ণদেব রায়ের পুত্র। মাদক কেনাবেচার দায়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৯(১) গ ধারায় একশত টাকা অর্থদন্ড সহ দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। আটোয়ারী থানার ওসি মতিয়ার রহমান মাদক কারবারী আটক সহ ভ্রাম্যমান আদালতের রায়ে দুই বছরের কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী নরেন কুমার রায়কে বৃস্পতিবার (২৭ আগস্ট) পঞ্চগড় কারাগারে প্রেরণ করা হয়েছে।